করোনায় আক্রান্ত ইরানি পার্লামেন্টের স্পিকার

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১২:২৪ পিএম

ভয়াবহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের স্পিকার আলী লারিজানি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বিষয়টি জানানো হয় হয়।

ফ্রান্স টুয়েন্টি ফোর জানায়, করোনা উপসর্গ দেখা দেয়ায় আলী লারিজানিকে পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

৬২ বছর বয়সী লারিজানি ইতিমধ্যে আইসোলেশনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

তিনি বর্তমান ইরান সরকারের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত। ২০১৬ সালে পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে পার্লামেন্টের ২৩ জন এমপি আক্রান্তে হওয়ার খবর জানা যায়। এ ছাড়া সরকারি অনেক কর্মকর্তাও আক্রান্ত হন করোনায়। এর মধ্যে মারা গেছে শীর্ষ নেতা আলী খামেনির একজন ঘনিষ্ঠ উপদেষ্টাও।

কেবিনেট মিটিংয়ে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি সতর্ক করেন যে, পরবর্তী বছর পর্যন্ত করোনা মোকাবিলা করে যেতে হবে তাদের। এরপরই লারিজানির আক্রান্তের খবরটি আসে।

এদিকে ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ১৬০ জন। তবে ধারণা করা হচ্ছে, আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিযোগ, ইরান করোনাভাইরাস সম্পর্কিত তথ্য গোপন করছে।

শুরুতে করোনা সংক্রমণকে গুরুত্ব না দেয়া, রাজনৈতিক ঔদাসীন্য দেখানো সেই সঙ্গে ধর্মীয় আবেগে মোকাবিলা করতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে ইরান। এমনকি দেশটির সরকার দাবি করে, করোনাভাইরাস হচ্ছে যুক্তরাষ্ট্রের ছড়িয়ে দেয়া জীবাণু অস্ত্র।

করোনা সংকট মোকাবিলায় ব্যর্থ হওয়ার পেছনে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিও উঠে এসেছে। এর ফলে জরুরি চিকিৎসা সামগ্রীর অভাব দেখা দিয়েছে দেশটিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত