মাদারীপুরে কাল বৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৫:২৭ পিএম

বছরের প্রথম কাল বৈশাখী ঝড় শুক্রবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার ওপর দিয়ে বয়ে যায় এবং ব্যাপক ক্ষতি হয়। ঘণ্টাব্যাপী চলা এ ঝড়ে বিশাল বিলবোর্ড ও গাছপালা উপড়ে ফেলেছে। শতাধিক কাঁচা-পাকা ঘর ভেঙে পড়ে। বহু ঘরের  টিনের চাল উড়িয়ে  নিয়েছে। বড় বড় গাছ ঘরের চালের ওপর ভেঙে পরেছে। সঙ্গে ছিল শিলাবৃষ্টি। এতে ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে জানান কৃষকেরা।

বিশেষ করে তরমুজ ও ফুটের ব্যাপক ক্ষতি হবে। এ ছাড়া সবেমাত্র আমের গুটি তৈরি হয়েছে। শিলাবৃষ্টিতে গুটি আম এবং পানের ব্যাপক ক্ষতি হবে।

সদর উপজেলার ওপর দিয়ে কাল বৈশাখী ঝড়টি অল্প আকারে বয়ে গেলেও কোথাও কোন ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

সরেজমিন ঘুরে দেখা যায়, কাল বৈশাখী ঝড়ে রাজৈর উপজেলার স্বরমঙ্গল গ্রামের কুটি মুন্সী ও মুজিবর খানের ঘরের ওপর বড় আমগাছ ভেঙে পড়েছে ।

এ ছাড়া কোহিনুর বেগমের ঘরের টিন উড়ে গেছে। পলাশ শীলের বিল্ডিংয়ের দেয়াল ভেঙে গেছে। কবিরাজপুর ইউনিয়নের ফারাক মাতুব্বরের বাজারের ঘরটি সম্পূর্ণ উড়ে গেছে। একটি মসজিদের টিনের চাল উঠিয়ে নিয়ে গেছে। এ ছাড়া বাজারের আরও কয়েকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাদারীপুর পল্লি বিদ্যুৎ সমিতি টেকেরহাট জোনাল অফিসের ডিজিএম আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবারের কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ১৪ টি খুঁটি ভেঙে গেছে। এ ছাড়া অসংখ্য স্থানে তার ছিঁড়ে পরেছে।

রাজৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহবুব হোসেন জানান, উপজলোর স্বরমঙ্গল, বাজিতপুর, আমগ্রাম, ইশিবপুর, হোসেনপুর, সত্যবতীসহ বেশ কিছু এলাকায় কাল বৈশাখী ঝড়ে বাড়ি-ঘরসহ ফসলের ক্ষতি হয়েছে। আমরা ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করে সাহায্যের ব্যবস্থা করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত