পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলেদের ভিজিএফ চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগে গতকাল শনিবার দুপুরে ইউপি কার্যালয় থেকে ডিবি পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হারুন-অর রশীদ। তিনি বলেন, চেয়ারম্যান পল্টুর বিরুদ্ধে পাথরঘাটা থানায় চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
পাথরঘাটা থানার ওসি মো. শাহাব উদ্দীন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) চেয়ারম্যান আলাউদ্দীন পল্টুর বিরুদ্ধে শনিবার সকালে চাল বিতরণে অনিয়মের অভিযোগ করেছেন। ওই অভিযোগ আমলে নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
