নভেল করোনাভাইরাসের ‘সম্ভাব্য দুর্বলতা’ খুঁজে পাওয়ার দাবি করেছেন আমেরিকার অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান স্ক্রিপস রিসার্চ। এই ব্যাপারটিকে তারা ‘অ্যাকিলিস হিলের’ সঙ্গে তুলনা করেছেন।
ট্রয় যুদ্ধের পটভূমিকায় রচিত হোমারের ‘ইলিয়াড’ মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র ‘অপ্রতিরোধ্য’ অ্যাকিলিসের জীবনাবসানের কারণ ছিল তার গোড়ালি। শরীরের ছোট একটি অঙ্গকে ঘিরে সৃষ্ট জটিলতায় প্রাণ হারান অ্যাকিলিস আর অ্যাকিলিসের গোড়ালি (হিল) পরিণত হয় প্রবাদ বাক্যে।
সান ডিয়াগো ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির গবেষকেরা নভেল করোনাভাইরাসের নির্দিষ্ট একটি অংশ চিহ্নিত করতে সক্ষম হয়েছেন, যেখান থেকে ওষুধ কিংবা অন্য থেরাপি প্রয়োগ করে সুফল পাওয়া যেতে পারে। ওই অংশটি খুঁজে পাওয়ার কারণে ভ্যাকসিন তৈরিও সহজ হবে বলে দাবি তাদের।
ভাইরাসের ওই স্থানটি সংক্রমণের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
গবেষণা দলের প্রধান জীববিজ্ঞানী ইয়ান উইলসন শুক্রবার জার্নাল সায়েন্সকে বলেন, ‘এটা সম্ভাব্য অ্যাকিলিস হিল। আমরা আশা করছি এখন দ্রুত ওষুধ তৈরি করতে পারব।’
যেকোনো ভাইরাসের টিকা আবিষ্কার করতে হলে ভাইরাসটির গঠন বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ। তার প্রোটিনের কোন অংশে অ্যান্টিবডি বা ড্রাগ কার্যকর হতে পারে, সেটি নির্ধারণ করতে হয় আগে। স্ক্রিপস রিসার্চ সেই অংশ খুঁজে পেয়েছে বলে দাবি করছে।
