ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে আগেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। এবার তার অন্তঃসত্ত্বা বান্ধবী কেরি সাইমন্ডস করোনায় আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। গত শনিবার এক টুইটবার্তায় কেরি এমন আশঙ্কার কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে ডেইলি সান। টুইটারে কেরি লেখেন, ‘করোনাভাইরাসের মূল উপসর্গ নিয়ে আমি গত সপ্তাহ বিছানায় কাটিয়েছি। তবে আমাকে কোনো ধরনের পরীক্ষা করাতে হয়নি। সাত দিনের বিশ্রাম শেষে আমি শক্তি ফিরে পেয়েছি। পুরোপুরি সুস্থ হওয়ার পথে আছি।’ অন্য এক টুইটে তিনি লেখেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় কভিড-১৯ খুবই দুশ্চিন্তার বিষয়। তাই সব অন্তঃসত্ত্বাকে বলছি, দয়া করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ গাইডলাইন পড়ুন ও মেনে চলুন। আমি এতে উপকার পেয়েছি।’ চলতি বছরের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বাবা-মা হওয়া এবং শিগগিরই বিয়ের ঘোষণা দিয়েছিল জনসন-সাইমন্ডস জুটি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের বিয়েটা অনিশ্চয়তার মধ্যে পড়ে। গত ২৭ মার্চ করোনায় আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক সপ্তাহ হোম কোয়ারেন্টাইন শেষে গত শুক্রবার কাজে ফেরার কথা থাকলেও চিকিৎসকদের বাধায় তিনি সেটি পারেননি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে বাড়িতেই অবস্থান করতে হচ্ছে।
×
