নভেল করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় নারায়ণগঞ্জে ঢোকা ও বের হওয়া বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
সোমবার থেকে নারায়ণগঞ্জে কেউ প্রবেশ করতে পারবে না। জরুরি প্রয়োজন ছাড়া বের হতে পারবে না। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড, সদর ও বন্দর উপজেলা এর আওতায় রয়েছে। সকাল থেকে এসব এলাকায় কঠোর অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। বাইরে বের হলেই চলছে অ্যাকশন।
এর আগে নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমান জনসাধারণকে রক্ষায় লকডাউন এবং সিটি মেয়র আইভী কারফিউ জারির অনুরোধ করেছিলেন।
এদিকে রবিবার সন্ধ্যার পর থেকেই শহর ও বন্দরের প্রায় সব এলাকায় নিজ নিজ উদ্যোগে রাস্তা-ঘাট বন্ধ করে দেয় এলাকাবাসী।
টানিয়ে দেয় ‘লকডাউন’ সাইনবোর্ড। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের হতে না পারে, আবার বহিরাগত কেউ যেন এলাকায় ঢুকতে না পারে সে জন্য বাঁশ ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে রাতভর পালাক্রমে পাহারা দিয়েছেন এলাকার যুবকরা।
রবিবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সদর ও বন্দর উপজেলা এবং সিটি এলাকা লকডাউন ঘোষণা করা হয়।
সভায় জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, সেনাবাহিনী ও র্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম দেশ রূপান্তরকে বলেন, এখন থেকে আমরা জিরো টলারেন্স। কোনো এলাকা থেকে কেউ বের হবে না। নারায়ণগঞ্জে ইনপুট-আউটপুট বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের ঢুকতে পারবে না। এখন নারায়ণগঞ্জ বেশ গুরুত্বপূর্ণ সে কারণে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
সোমবার থেকে পিপিই প্রস্তুত এবং বিদেশি অর্ডার ছাড়া সকল গার্মেন্টস বন্ধ থাকবে। পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আমরা কঠোর থাকব।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট দুজন মারা গেছেন। আর মোট আক্রান্ত হয়েছেন ১১ জন। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন ৩ জন। একজনকে সন্দেহভাজন করোনা রোগী হিসেবে আইসোলেশনে রাখা হয়েছে।
রবিবার হোম কোয়ারেন্টাইনে আরও ৫৭ জন যুক্ত হয়েছেন। নারায়ণগঞ্জে মোট কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৭১ জন। রবিবার কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ জন, মোট ৪৪৬ জন ছাড়পত্র পেয়েছেন। ১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিদেশ থেকে নারায়ণগঞ্জে ৬ হাজার ২১ জন এসেছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠিকানা ও অবস্থান চিহ্নিত করা হয়েছে ১ হাজার ২৫৪ জনের। ইতিমধ্যে নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে।
