চলমান করোনা সংকটে মৌলভীবাজার শহর এবং সদর উপজেলায় ৪০ টি ফ্ল্যাট ও দোকান ভাড়া মওকুফ করার পর এবার পৌর এলাকার সব কুকুরের ১ মাসের খাবারের দায়িত্ব নিলেন সোয়েল আহমদ।
রবিবার থেকে তিনি এক কার্যক্রম শুরু করেছেন। মৌলভীবাজার সদর উপজেলার কনকপুরের সন্তান সোয়েল কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য।
সোয়েল আহমদ জানান, পৃথিবীতে সব প্রাণীর বাঁচার অধিকার আছে। চলমান সংকটে মানুষের পাশাপাশি বেশি বিপদে পড়েছে কুকুর-বিড়াল।
দুই দিন আগে স্থানীয় সংবাদকর্মী রিপন দে’র মাধ্যমে জানতে পারি এলাকার কুকুরের জন্য খাবার দরকার। আমি সাথে সাথে ১ মাস খাবার দেব বলে জানাই। কুকুরগুলো মুখ খুলে বলতে পারছে না খাবারের কথা। এই সব প্রাণীকে মানুষের প্রয়োজনে বাঁচিয়ে রাখা দরকার। তাই আমি এদের খাবারের উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, প্রথম দিনে খাবার দিতে গিয়ে মনে হয়েছে পৌরসভার ভেতরে প্রায় দুই শ কুকুর আছে। যদি আরও কুকুর আসে তাদেরকেও খাবার দেব। এই সব কুকুর যদি খাবার না পায় সেটা মানুষের জন্যও হুমকি হবে। ক্ষুধার্ত কুকুর মানুষের ওপর আক্রমণ করতে পারে।
তিনি আরও বলেন, আমি যতটা শুনেছি বাংলাদেশে প্রায় ১২ লাখ কুকুর আছে। সবাইকে এদের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আলাদা খাবার দিতে না পারলেও অন্তত নিজের উচ্ছিষ্ট খাবারটাই দেন।
তিনি আরও বলেন, আমি আমার এলাকার ১০০ পরিবারেরও দায়িত্ব নিয়েছি। প্রতিদিন রান্না করে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি। আমি মনে করি, আমি যাদের দিচ্ছি তাদের রান্না করার কাঠও ঘরে নেই।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জেলা কমিটির আহ্বায়ক আ স ম সালেহ সোহেল ক্রান্তিকালে ভাড়া মওকুফসহ মানুষের পাশাপাশি পথের প্রাণীদের সাহায্যেও এগিয়ে আসায় সোয়েল আহমদকে ধন্যবাদ জানান।
