করোনায় ফ্রান্সে একদিনে রেকর্ড ৮৩৩ মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৯:২১ এএম

প্রতিবেশী ইতালি ও স্পেনের মতো ফ্রান্সেও আশঙ্কাজনক হারে বাড়ছে নভেল করোনাভাইরাসজনিত মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা রেকর্ড ৮৩৩ জন বলে জানিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।

তাতে ফ্রান্সে কভিড-১৯ রোগে মোট মৃতের সংখ্যা ৮ হাজার নয় শ ছাড়িয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ছুঁই ছুঁই।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ে ভেরান- “আমরা এখনো এই মহামারির উত্থানের শেষ প্রান্তে পৌঁছায়নি।”

নতুন মৃতের ৮৩৩ জনের মধ্যে ৬০৫ জনের হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভেরান। বাকিদের মৃত্যু হয়েছে নার্সিং হোমগুলোতে। এর আগে করোনায় যারা কেবল হাসপাতালে মারা যেত তাদের মোট তথ্য জানিয়ে আসছিল দেশটির কর্তৃপক্ষ।

কভিড-১৯ এ আক্রান্তের মধ্যে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৭৮ জনকে নিবির পর্যবেক্ষণে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

 “এখনই শেষ নয়। এই পথ দীর্ঘ। আমার তুলে ধরা পরিসংখ্যানগুলোই তা দেখিয়ে দিচ্ছে। বাড়িতে থাকুন। এই আবদ্ধ থাকার চেষ্টা চালিয়ে যান।”

এদিকে, গত কয়েক দিন মৃতের সংখ্যা নিম্নমুখী দেখা গেলেও সোমবার ইতালিতে ফের মৃতের সংখ্যা বেড়েছে। তবে টানা চতুর্থদিনের মতো মৃতের সংখ্যা কমেছে স্পেনে।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১,১৫০ জনসহ মোট মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাস নিয়ে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য, বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৭৪ হাজার ৬৭৯।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত