ঈশ্বরদীতে ‌‘বোমা’ সাদৃশ্য বস্তুটি বোমা নয়

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৮:১২ পিএম

ঈশ্বরদীতে উত্তেজনা আর আতঙ্কের পর অবশেষে নিষ্ক্রিয় করা হয়েছে বোমা সাদৃশ্য বস্তু।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেটি নিষ্ক্রিয় করে।

পুলিশের ৮ সদস্য টিমের প্রধান এস আই শফিক আহমেদ সেটি নিষ্ক্রিয় করার পর উপস্থিত সাংবাদিকদের জানান, এটি মূলত বোমা ছিল না। প্লাস্টিকের কৌটার মধ্যে পোড়া মবিল, জর্দা এবং  ইলেকট্রিক বাল্ব দিয়ে সেটি তৈরি। পলিথিনে মুড়িয়ে বোমা সাদৃশ্য বস্তু বানানো হয়েছিল।

মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের হাজি পাড়ায় ক্লাব মোড়ের (করিমের মিল সংলগ্ন) শফিকুল ইসলাম প্রামাণিক ও আব্দুল গাফফার প্রাং এর বাড়ির সামনে বোমা সাদৃশ্য বস্ত রেখে যায়। এই খবর ছড়িয়ে গেলে ওই দুই বাড়িসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র‌্যাব, ডিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ওই বাড়িসহ পুরো এলাকা ঘিরে রাখে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির বলেন, ‘সেখানে বোমা সাদৃশ্য বস্তু ছিল জানার পর জায়গাটি ঘিরে রেখেছিলাম। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের এক্সপার্টরা ঘটনাস্থলে এসে সেটি পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ইলেকট্রিক ডিভাইস দিয়ে সেটি নিষ্ক্রিয় করেছে। প্রকৃতপক্ষে এটি বোম ছিল না। বোমার আদলে বস্তুটি তৈরি করা হয়েছিল’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত