‘আমি করোনায় আক্রান্ত, দোয়া ও ক্ষমা চাই’

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১১:১১ পিএম

‘আমি করোনায় আক্রান্ত, দোয়া ও ক্ষমা চাই’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মোংলা পৌর শহরের শাহিনুর আক্তার (৪০)।

শাহিনুর মোংলা পৌর এলাকার ২নং ওয়ার্ডের মোর্শেদ সড়ক সংলগ্ন খানজাহান আলী রোডের বাসিন্দা। তিনি এক ছেলে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি তার নিজ ফেসবুকে এ স্ট্যাটাস দেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় প্রশাসন শাহিনুরের বাড়িতে লাল নিশানা টানিয়ে তার হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেন। গত ৬/৭ দিন ধরে শাহিনুরের সর্দি, কাশি, জ্বর ও শ্বাস কষ্ট রয়েছে।

শাহিনুর তার নিজ ফেসবুকে আরও লিখেছেন ‌‘করোনাভাইরাসের ৯০ ভাগ উপসর্গ ভেতরে রয়েছে’।

শাহিনুর দীর্ঘদিন ধরে এনজিওকর্মি হিসেবে কাজ করতেন। এদিকে এ ঘটনায় এলাকা জুড়ে জনসাধারণের মাঝে চরম ভীতি ও করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শাহিনুরের বাড়িওয়ালা আব্দুল হাকিম হাওলাদার বলেন, শাহিনুরের স্বামী নেই, ছেলে নিয়ে তার বাড়িতে প্রায় সাড়ে তিন বছর ধরে বসবাস করছেন। ভাড়াটিয়া শাহিনুর গত কয়েক দিন ধরে অসুস্থ বলে তিনি শুনেছেন। অসুস্থ হওয়ার আগে শাহিনুর খুলনায় ছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়ার পর মোংলায় আসেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান বলেন, শাহিনুরের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেশ বিশ্বাসকে লিখিতভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, শাহিনুর কয়েক দিন ধরে সর্দি, কাশি, জ্বর ও শ্বাস কষ্টে ভুগছেন। সোমবার তার অসুস্থতার খবর শুনেছি। এরপর মঙ্গলবার তাকে ওষুধ দেওয়া হয়েছে। বুধবার তার শরীরের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত