করোনা সংকট

গণমাধ্যমকর্মীদের আর্থিক প্রণোদনা দিতে আইনি নোটিস

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০১:২৯ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি নিয়েও কর্মরত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও বিশেষ প্রণোদনা দিতে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন ই-মেইলের মাধ্যমে তথ্য, অর্থ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ বাংলাদেশে করোনা প্রতিরোধ সেলের উদ্দেশ্যে এ নোটিস পাঠান। নোটিসে বলা হয়েছে, করোনাভাইরাস বিশ্বে মহামারী রূপে ছড়িয়েছে। বাংলাদেশকেও আক্রান্ত করেছে। এর প্রভাবে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বস্ব দিয়ে এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে সবচেয়ে বেশি অবদান রাখছেন গণমাধ্যম ও সাংবাদিকরা। 

এতে বলা হয়, বর্তমানে এই ক্রান্তিকালে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যমের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে মানুষকে অবহিত করছেন। মানুষের সচেতনতা বাড়াতে তারা পথে-ঘাটে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের জন্য একান্ত আবশ্যকীয় হয়ে পড়েছে।

নোটিসে আরও বলা হয়েছে, সংবাদ সরবরাহ করতে গিয়ে ইতিমধ্যে এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন এই প্রতিরোধযুদ্ধে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সাংবাদিকদের পিপিইসহ নিরাপত্তা সরঞ্জামাদি প্রদান এবং তাদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। নোটিস পাওয়ার পর সংশ্লিষ্টদের এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে করণীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ব্যারিস্টার মনিরুজ্জামান লিংকন দেশ রূপান্তরকে বলেন, ‘করোনাভাইরাসের ভয়ে কতিপয় চিকিৎসক ভয়ে পিছিয়ে থাকলেও আমাদের সাংবাদিক সমাজ এগিয়ে এসেছেন। তারা জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে কাজ করছেন। কিন্তু অনেকেরই পর্যাপ্ত পিপিই ও নিরাপত্তা নেই। সার্বিক পরিস্থিতিতে তাদের আর্থিক সহযোগিতাও প্রয়োজন। তাই রাষ্ট্রকেই এ ব্যবস্থা নিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত