রাজধানীর ঢাকা থেকে করিমগঞ্জের গ্রামের বাড়িতে এসে সোমবার ভোর রাতে মারা যাওয়া ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বিষয়টি মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
তিনি বলেন, ঢাকা থেকে নিশ্চিত করা হয়েছে, করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ায় মারা যাওয়া ব্যক্তির শরীরে কভিড-১৯ পজিটিভ ছিল। ফলে এই প্রথম কিশোরগঞ্জ জেলায় করোনা পজিটিভ শনাক্ত হলো।
করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার ওই ব্যক্তি (৪৮) রাজধানী ঢাকায় একটি মুদি দোকান চালাতেন। সোমবার ভোরে মারা যাওয়ার সপ্তাহখানেক আগে তিনি গ্রামের বাড়িতে ফেরেন।
তিনি জ্বর এবং সর্দি-কাশিতে ভুগছিলেন। তার পরিবারের লোকজন তাকে করোনার উপসর্গ বিষয়টি গ্রামবাসীকে আড়াল করে গোপনে চিকিৎসা করাতেন।
৬ এপ্রিল ভোরে তার অবস্থা অবনতি ঘটলে তিনি মারা যান। তারপর পরিবারের লোকজন সকালে তা প্রকাশ করেন। তখন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মারা যাওয়া ওই ব্যক্তির শরীর থেকে ওইদিনই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মারা যাওয়া ওই ব্যক্তির দাফনে জড়িত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে নেয়াসহ তার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, মারা যাওয়া ওই ব্যক্তির করোনা পজিটিভ আসায় করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ও জাফরাবাদ এই দুটি ইউনিয়নকে লকডাউন করা হয়েছে।
