নভেল করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে মুখে খাওয়ার ট্যাবলেটের টেস্টটিউব পরীক্ষায় ‘সফল’ হওয়ার দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। ‘ইআইডিডি-২৮০১’ নামের ওই ট্যাবলেটটি টেস্টটিউবে মানুষের ফুসফুসের কোষের প্রতিলিপিতে করোনাভাইরাস বিস্তারে বাধা দিতে সক্ষম হয়েছে বলে ‘সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন’ সাময়িকীতে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়, নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয় ও ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের একদল গবেষক ওষুধটি নিয়ে গবেষণা করেছেন। ইতিমধ্যে রিজব্যাক বায়োথেরাপিউটিক্স নামের একটি প্রতিষ্ঠান ওই ওষুধের লাইসেন্স নিয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ওষুধ পরীক্ষার জন্য অনুমতিও দিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ১০ জন রোগীকে ভাইরাস প্রতিরোধী ওই ওষুধ দিয়ে ‘ক্লিনিকাল পরীক্ষা’ করা হবে।
গবেষকেরা বলছেন, এর প্রভাব যদি মানুষের ক্ষেত্রেও একই রকম হয়, তবে কভিড-১৯ মহামারির ক্ষেত্রে এটাই হবে প্রথম বড়ি।
গবেষণা দলের প্রধান জর্জ পেইন্টার সাময়িকীতে লিখেছেন, ইআইডিডি-২৮০১ করোনাভাইরাসের স্ব-অনুলিপি কার্যক্রমকে এমনভাবে বাধা দেয়, যা রেমডেসিভির থেকে পৃথক। রেমডেসিভির মূলত অনুলিপি তৈরির প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেয়। এটি ভাইরাসের আরএনএতে মিউটেশনেরও ক্ষতি করে, যাতে আরএনএ ক্ষতিগ্রস্ত হয় এবং কোষের ক্ষতি করতে পারে না।
