বরিশাল মেডিকেল কলেজে করোনা ল্যাব চালু

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৫:০২ পিএম

ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজে ক‌রোনা পরীক্ষার ল্যাব চালু করা হয়েছ। প্রথম ‌দিন পরীক্ষামূলকভাবে ১ জন সন্দেহভাজন ক‌রোনা রোগীর নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা ল্যাবের কার্যক্রম শুরু করা হয়।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ল্যাবটির উদ্বোধন করেন ব‌রিশাল সদর আস‌নের সংসদ সদস্য এবং পা‌নি সম্পদ প্র‌তিমন্ত্রী কর্নেল (অবঃ) জা‌হিদ ফারুক শামীম।

বরিশাল শের-ই-বাংলা মেডি‌কেল ক‌লে‌জের মাইক্রোবায়োলজি বিভাগের দ্বিতীয় তলায় ল্যাবটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখন থে‌কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে স্থাপন করা এই ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা কার্যক্রম চলবে। এই ল্যা‌বে অদক্ষ টেক‌নোল‌জিস্টদের প্রশিক্ষণ ও ক‌রোনাভাইরাস পরীক্ষা কার্যক্রম একই সঙ্গে শুরু হয়েছে। আপাতত ধীর গতিতে পরীক্ষা শুরু হলেও পরবর্তীতে টেকনোলজিস্টরা দক্ষ হলে প্রতিদিন ৯৪ জন রোগীর নমুনা পরীক্ষা করা যাবে।

বরিশালে করোনা ল্যাব চালু হওয়ায় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রীকে ধন্যবাদ জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। তবে এই ল্যাবে যাতে দীর্ঘমেয়াদি করোনা পরীক্ষা করার প্রয়োজন না হয়, সবার কাছে সেই দোয়া কামনা করেন তিনি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল ক‌লে‌জের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসিত ভূষণ দাস ব‌লেন, আপাতত বরিশালের টেকনোলিজিস্টদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। একই সঙ্গে সুস্থ মানুষের এবং শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি থাকা সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

বরিশালের করোনা ল্যাবে ৩ জন চিকিৎসক এবং ৫জন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন। এদের ঢাকা থেকে আসা বিশেষজ্ঞরা করোনা পরীক্ষা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। এক সপ্তাহ প্রশিক্ষণ শেষে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞরা চলে যাবেন বলে জানান মেডিকেল কলেজ অধ্যক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত