যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্যান্ডার্স

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০৫:৩৭ এএম

যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। ডেমোক্রোট দল থেকে লড়া স্যান্ডার্স সম্প্রতি নির্বাচনী প্রচারে সুবিধা করতে পারেননি। রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার স্যান্ডার্স তার প্রচার কর্মকর্তাদের একটি কনফারেন্স কলে নির্বাচনী প্রচার বন্ধের সিদ্ধান্ত জানিয়েছেন।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। স্যান্ডার্স সরে দাঁড়ানোয় এখন প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার পথ প্রশস্ত হলো সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের।

এর আগে স্যান্ডার্স ডেমোক্রোটিক দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এখন তা না করেই সরে আসায় ডেমোক্রোটিক দলে জো বাইডেনের আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকল না।

৭৮ বছর বয়সী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স গতবারের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়েছিলেন। তবে হিলারি ক্লিনটনের কাছে পরাজিত হয়ে আর মনোনয়ন পাননি। এবার শুরুতে বেশ ভালোই লড়াই করছিলেন স্যান্ডার্স। আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে বেশ চমক দেখিয়েছিলেন তিনি। ফেব্রুয়ারিতেও তিনটি রাজ্যের ভোটে তিনি ভালো ফল করেছিলেন। তবে নির্বাচনী লড়াইয়ে অনেক দিন ধরে সামনের সারিতে থাকলেও সম্প্রতি কয়েক সপ্তাহে দলের প্রাইমারিগুলোতে জো বাইডেন এগিয়ে যান, পেছনে পড়ে যান স্যান্ডার্স।

করোনাভাইরাস সংকটের মধ্যে স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণে এই কয়েক সপ্তাহে স্যান্ডার্স অনলাইনে সরাসরি নির্বাচনী প্রচার চালিয়ে আসছিলেন। তা ছাড়া করোনাভাইরাসের কারণে অনেক রাজ্যের প্রাইমারিতেও বিলম্ব হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত