নারায়ণগঞ্জ থেকে বরগুনার আমতলীতে আসা ১০৯ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আটক হওয়া সবাই বরগুনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করলে ওই এলাকা পুরো লকডাউন করে প্রশাসন। এরপরই তারা নারায়ণগঞ্জ থেকে গোপনে বরগুনা চলে আসেন।
জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জ থেকে ট্রলারযোগে বরগুনা আসে নারী ও শিশুসহ ১০৯ জন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার গাজীপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের সবাই জনপ্রতি এক হাজার টাকা ভাড়া চুক্তিতে একটি কার্গো ট্রলারযোগে আমতলীতে আসে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, নারায়ণগঞ্জ থেকে ট্রলারযোগে বরগুনা আসায় নারী ও শিশুসহ ১০৯ জনকে আটক করা হয়েছে। আটকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
