মাদারীপুরের শিবচরে করোনায় ভাইরাসে নতুন করে দুই নারী আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুই নারী, দুই শিশুসহ আরও দুজনকে শুক্রবার ভোরে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
এ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন ৯ জন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা পুনরায় একই পরিবারের তিনজন রয়েছেন। সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার শিবচরে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া একজন স্কুল শিক্ষিকা ও উপজেলা চেয়ারম্যানের নিকট আত্মীয়, তার বয়স ৩৮ বছর। অপরজন ৩০ বছর বয়সের একজন গৃহিণী। গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়। সিভিল সার্জন কার্যালয়ে বৃহস্পতিবার রাতে আইইডিসিআর থেকে পাঠানো প্রতিবেদনে ওই দুই নারীর করোনা টেস্ট ‘পজিটিভ’ আসে। ভোর রাতেই তাদের শিবচর থেকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
সূত্র জানায়, গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ১১০ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। যার মধ্যে থেকে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৬ জনের নমুনা ঢাকাতে পাঠানো হয়েছে। পূর্বে পাঠানো ৭৪ জনের মধ্যে ৪০ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা তিনজনের শরীরে আবারও করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় একই পরিবারের চারজনকে শুক্রবার ভোরে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দ্বিতীয়বার আক্রান্ত তিনজন হলেন- ইতালি ফেরত যুবকের স্ত্রী ও দুই সন্তান। এর আগে গত সোমবার ওই ইতালি ফেরত যুবকের শ্বশুর, শাশুড়ি ও এক বন্ধুকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের শরীরেও দ্বিতীয়বার করোনা শনাক্ত হয়।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কারণে বাংলাদেশে প্রথম শিবচর এলাকাকে লকডাউন ঘোষণা দেয়া হয়।
