চট্টগ্রামে আরো ২ জনের করোনা শনাক্ত

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১০:০১ পিএম

চট্টগ্রাম নগরীতে আরো দু’জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়াল সাতজনে।

শুক্রবার রাত ৯টায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ বিআইটিআইডিতে শুক্রবারে নমুনা পরীক্ষায় শনাক্ত দু’জন নগরীর বাসিন্দা। তাদের মধ্যে একজন নগরীর ফিরিঙ্গীবাজারের বাসিন্দা এবং আরেকজন নগরীর ইস্পাহানির গোলচত্বর এলাকার।

আক্রান্ত ব্যক্তি দুজনই পুরুষ জানিয়ে স্বাস্থ্য পরিচালক আরো বলেন, একজনের বয়স ৩৫, আরেকজনের ৫০। পরীক্ষা এখনো চলমান আছে। শেষ হলে মোট কতজনের পরীক্ষা হয়েছে সেটা বলা যাবে।

এদিকে সিএমপির উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ বলেন, আক্রান্ত  দুজনের একজনের বাসা ফিরিঙ্গিবাজার এবং আরেকজনের বাসা ইস্পাহানির গোলচত্বর এলাকার। তাদের ঠিকানা পুরোপুরি নিশ্চিত হওয়ার পর তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে নেয়া হবে। সিভিল সার্জনকে সঙ্গে নিয়ে ওই এলাকা লকডাউনের ব্যবস্থা করা হবে।

চট্টগ্রামে এর আগে পাঁচজনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর দামপাড়ার বাসিন্দা বাবা-ছেলে। বুধবার শনাক্ত হওয়া তিনজনের একজন নারীর বাসা নগরীর হালিশহরে। অন্যদুজন নগরীর সাগরিকা এবং সীতাকুন্ডের। তারা পাঁচজনই রয়েছে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত