নরসিংদীর চরাঞ্চলে আপন সহোদর ও তার সহযোগীরা ছোট ভাইকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের মা ও খালা।
শুক্রবার রাতে সদর উপজেলার চরাঞ্চল বাউশিয়া গ্রামে নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত রবিনকে (২৮) শ্বারোধ করে হত্যা করা হয়েছে। নিহত রবিন মিয়া বাউশিয়া গ্রামের গান্ধী মিয়ার ছেলে।
নিহতের মা সুফিয়া খাতুন বলেন, রবিন নেশাগ্রস্ত ছিল। সে প্রায়ই নেশা করে বাড়ির লোকজনকে মারধর করতো। প্রায় সময়ই তার নামে বাড়িতে বিচার আসতো। এসব বিষয় নিয়ে পরিবারে অশান্তি বিরাজ করছিল।
এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার গভীর রাতে আলমগীর ও তার শ্বশুর বাড়ির লোকজন মিলে রবিনের হাত-পা ও গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার পর আলমগীর ও তার সহযোগীরা বাড়ী ছেড়ে পালিয়ে গেছে।
পরে খবর পেয়ে শনিবার সকালে নরসিংদী মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, চরাঞ্চলের বাউশিয়া গ্রাম থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
