মুন্সিগঞ্জে ৩ গ্রাম ও ৫৪ বাড়ি লকডাউন

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৪:৫৫ পিএম

১০ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর শনিবার বিকেল পর্যন্ত মুন্সিগঞ্জের পাঁচ উপজেলায় ৫৪ টি বাড়ি ও ৩ টি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদরের পানাম গ্রামের ২০ টি বাড়ি ও একটি দোকান লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ।

টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত হাসিনা আক্তার জানিয়েছেন, উপজেলার ধামারন, ডুলিহাটা, দোরাবতি ও পুরা গ্রামের আক্রান্ত রোগীদের বাড়িসহ আশপাশের ৩৪ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান সাদি জানান, উপজেলার লক্ষীপুরা গ্রাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কোয়ার্টার লকডাউন করা হয়েছে।

এ ছাড়া সিরাজদিখান উপজেলার আবিরপাড়া ও শ্রীনগর উপজেলার ফৈনপুর গ্রাম লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ দৈনিক দেশ রূপান্তরকে জানান, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত মুন্সিগঞ্জে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলার ৬ টি উপজেলা থেকে ৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৭৪ জনের পরীক্ষা সম্পন্ন হলে শুক্রবার রাতে ৭ জন ও শনিবার সকালে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত