একই পরিবারের ৩ জনের করোনা শনাক্ত, গ্রাম লকডাউন

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৯:৪৪ পিএম

ঝালকাঠিতে প্রথমবারের মতো একই পরিবারের তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ পাওয়া যায়। এই তিনজন করোনা পজিটিভের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও তাদের একটি ছয় মাসের শিশু সন্তান রয়েছে।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন। এরা তিনজনই গ্রামের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জেলার সদর উপজেলার একটি গ্রামকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।  

স্বাস্থ্য বিভাগ জানায়, ঝালকাঠি শহরের পার্শ্ববর্তী একটি গ্রামে শিশুসহ একই পরিবারের তিনজন গত ৭ এপ্রিল ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। করোনা উপসর্গ থাকায় ৯ এপ্রিল তাদের মোট ২৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় স্বাস্থ্য বিভাগ। শনিবার বিকেলে স্বাস্থ্য বিভাগের কাছে ২৯ জনের নমুনা সংগ্রহের রিপোর্ট আসে। এতে তিনজনের রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়।  

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা লকডাউন চলায় সেখান থেকে গত কয়েক দিন ধরে প্রায় তিন শতাধিক লোক পালিয়ে ঝালকাঠিতে গ্রামের বাড়ি এসেছে। এদের মধ্যে অনেকেই জ্বর, সর্দি ও কাঁশিতে আক্রান্ত।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, করোনা পজিটিভ হওয়ায় ওই পরিবারসহ পুরো গ্রামকে লকডাউন করা হয়েছে। তাদের জন্য একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে বাড়িতে বসেই তারা চিকিৎসা নেবেন। শারীরিক কোন সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত