চলমান পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নরসিংদী জেলায় দেওয়া হয়েছে লকডাউন। মানুষ যাতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে না পারে সেজন্য রয়েছে প্রশাসনের নানামুখী তৎপরতা।
এরই মধ্যে ঢাকা সিলেট মহাসড়ক ছাড়া জেলার প্রায় প্রতিটি প্রবেশ পথে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে জেলার নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।
দক্ষ চিকিৎসক ও প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ নিয়ে ভ্রাম্যমাণ কেন্দ্র বসিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। জেলা পুলিশের এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসাও করছেন সাধারণ মানুষ।
জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার দেশ রূপান্তরকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই মূলত পুলিশ কাজ করে থাকে। যেহেতু করোনাভাইরাসের আক্রমণে দেশ এক সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তাই পুলিশের পক্ষ থেকে আমরাও চেষ্টা করছি কিছু ভূমিকা রাখার।’
তিনি বলেন, এরই অংশ হিসেবে জেলা পুলিশের পক্ষ থেকে আমরা ভ্রাম্যমাণ মেডিকেল টিম দিয়ে সেবা দিচ্ছি। নাগরিকরা যাতে তার চিকিৎসাসেবা সহজে পায় সেজন্য টেলিফোনে বা সরাসরি গিয়েও স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।
পুলিশ সুপার জানান, পুলিশের পক্ষ থেকে দুটি অ্যাম্বুলেন্স, এমআই, ফ্রি ওষুধসহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে সমন্বয় করে এই টিমগুলো কাজ করছে।
তিনি বলেন, আমাদের হটলাইন নম্বরে যে কেউ ফোন করলে চিকিৎসাসেবা নিতে পারবে। আশা করি, ক্ষুদ্র পরিসরে হলেও এ ধরনের উদ্যোগে জনসাধারণ জন্য সুফল বয়ে আনবে। আমাদের কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
