করোনাভাইরাস সংক্রমণ রোধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় স্বেচ্ছায় লকডাউন করেছে স্থানীয়রা।
পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বাজিতপুর, কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর, সোনাকুল পূর্বপাড়া ও কোঁচপুকুড়িয়া আদিবাসী পাড়া, মোহাম্মদপুর ইউনিয়নের নিকড়দীঘি গ্রাম ও পৌরসভার চাতাল পট্রিসহ উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয়রা স্বেচ্ছায় লকডাউন করেছে।
বাজিতপুর গ্রামের স্বেচ্ছাসেবককর্মী মেহেদী হাসান বলেন, জরুরী প্রয়োজন ছাড়া কাউকে গ্রামে প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে না। গ্রামে প্রবেশ বা বের হতে গেলে অবশ্যই মাস্ক থাকতে হবে। এছাড়াও জীবাণুনাশক স্প্রে ও সাবান দিয়ে হাত ধুতে হবে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারওয়ার বলেন, স্বেচ্ছায় লকডাউনের নামে কোন পথঘাট বন্ধ না হয় বা সাধারণ মানুষকে যেনো হয়রানী না করে সেটি বলে দেওয়া হয়েছে। তবে করোনার এ পরিস্থিতিতে স্ব-স্ব উদ্যেগে তাদের এলাকার প্রবেশ পথে জিবাণুনাশক স্প্রে দিয়ে হাত ধুয়ে তাদের এলাকায় প্রবেশ করাচ্ছে, এমন তথ্য পেয়েছি।
