রাজধানীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফেরদৌস রহমান নামে এক ডেন্টাল সার্জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে রবিবার তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ গণমাধ্যমকে চিকিৎসকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেন্টাল সার্জন ফেরদৌস রহমানকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
জানা যায়, চিকিৎসক ফেরদৌস বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন এবং গত দুদিন ধরে তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু স্বজনদের পীড়াপীড়ির পরও তিনি করোনাভাইরাসে শনাক্ত কিনা সে পরীক্ষা করতে রাজি হচ্ছিলেন না। শেষ পর্যন্ত রবিবার তিনি পরীক্ষা করাতে রাজি হন। কিন্তু সকাল থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর পর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ফেরদৌস রহমানের নমুনা সংগ্রহ করেছে বলে তার এক বন্ধু জানিয়েছেন।
ফেরদৌস রহমানের আজিমপুরে চেম্বার ছিল। করোনাভাইরাস বিস্তারের মধ্যেও তিনি কাজ করছিলেন। আশঙ্কা করা হচ্ছে, সেখান থেকেই সংক্রমিত হয়েছিলেন ফেরদৌস। উপসর্গ দেখা দেওয়ার পর তিনি নিজেই আইসোলেশনে ছিলেন। তার স্ত্রীও চিকিৎসক।
