দোহারে তাবলিগ জামায়াতের ১২ জনের নমুনা সংগ্রহ

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৬:৩০ পিএম

করোনাভাইরাসের সংক্রমনের ঝুঁকি এড়াতে ঢাকার দোহার উপজেলায় চিল্লা (চল্লিশ দিনে এক চিল্লা ধরা হয়) ফেরা তাবলিগ জামায়াতের বারো সদস্যের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

রবিবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। ওই বারো সদস্য উপজেলার কুসুমহাটি ও নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, দোহার উপজেলায় এখনও কেউ করোনাভাইরাসে সংক্রমিত হয়নি। নতুন করে কেউ যাতে আক্রান্ত না হয় সে জন্য আমরা তৎপর রয়েছি। এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি ওই দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় বারোজন ব্যক্তি চিল্লা থেকে তাদের গ্রামে ফিরেছেন। সংক্রমনের ঝুঁকি এড়াতে রবিবার দুপুরে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ফলাফল না পাওয়া পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে তাদের আপাতত একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে বলে আশা করছি।

ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহন করে বাস্তবায়ন করা হবে বলেও জানান স্বাস্থ্য কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত