ডালগোনা কফি: কোথায় থেকে এল, কীভাবে বানাবেন?

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১০:৫৭ পিএম

করোনাভাইরাসে রোধে লকডাউনে ঘরবন্দী মানুষ। এর মধ্যে জন্ম নিচ্ছে নানা ধরনের চ্যালেঞ্জ। হালের ট্র্যান্ড এখন ডালগোনা কফি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই কফি এখন ভাইরাল।

কেন এই কফি নিয়ে এত উত্তেজনা? এর পেছনে রহস্য কি?

জানা যায়, ‘ডালগোনা’ শব্দটি দক্ষিণ কোরীয়। এক ধরনের স্পঞ্জ টফিকে সেখানকার স্থানীয় ভাষায় বলা হয় ‘ডালগোনা’। পৃথিবীর বিভিন্ন দেশে সেই টফি পরিচিত ‘হানিকম্ব টফি’ নামে। কারণ এই টফি কামড়ানোর পরে ভেতরটা দেখতে লাগে মৌচাকের মতো।

দক্ষিণ কোরিয়ার ইউটিউব চ্যানেল এবং টিকটকে এই কফি বানানোর পদ্ধতি নেটিজেনদের মধ্যে আলোচিত হয়। তারপরই ঝড়ের বেগে সেটি ছড়িয়ে পড়ে অনলাইন দুনিয়ায়।

দেশটির জনপ্রিয় অভিনেতা জুং ইল উ গিয়েছিলেন চীন নিয়ন্ত্রিত বিশেষ অঞ্চল ম্যাকাউ'তে। সেখানে একটি পানীয় খেয়ে তার মনে হয়, এটি ঠিক যেন তার নিজের দেশের ডালগোনা টফির স্বাদ।

ম্যাকাউ থেকে দেশে ফিরে এক টিভি শোতে এই অভিজ্ঞতা শেয়ার করেন জুং ইল উ। এরপরই ছড়িয়ে পড়তে থাকে ডালগোনা কফির ট্রেন্ড। করোনাভাইরাসের সময় সেটি চ্যালেঞ্জ রূপে জনপ্রিয় হয়ে উঠে। তারকা থেকে সাধারণ মানুষ, সবাই এই কফি বানিয়ে পোস্ট করছেন সামাজিক মাধ্যমে।

তবে সব ডালগোনা কফিতেই কিন্তু ডালগোনা উপাদানটি থাকে না। দক্ষিণ কোরিয়ার হানিকম্ব টফি ক্যান্ডি মেশালে তবেই সেটা আসল ডালগোনা কফি হবে।

এরপরেও কীভাবে বানাবেন ডালগোনা কফি?

ইনস্ট্যান্ট কফি, চিনি এবং গরম পানি সমপরিমাণে একসঙ্গে নিয়ে ফুটাতে হবে। যতক্ষণ না পুরো মিশ্রণটি ক্রিমের মতো হচ্ছে, ততক্ষণ ফুটিয়ে যেতে হবে। তারপর মেশাতে হবে ঠান্ডা দুধ। সাধারণত কফি পাউডার, কোকো, বিস্কুট বা মধু দিয়ে এর টপিং করা হয়।

কফি বিনসের বদলে ডালগোনার জন্য দিতে পারেন ইনস্ট্যান্ট কফি। এর ফলে উপরের অংশ ক্রিমের মতো ঘন হয়ে ফুলেফেঁপে ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত