প্রধানমন্ত্রীর কাছে বিএনপি নেতার মুক্তির আবেদন স্ত্রীর

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৩:২৯ এএম

শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর কারামুক্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন তার স্ত্রী নিলুফা খানম। কারোনা পরিস্থিতির কারণে তিনি এ আবেদন জানিয়েছেন বলে গতকাল রবিবার সাংবাদিকদের জানান। বলেন,‘আমার স্বামী হযরত আলী ২০ মাস যাবত কারাগারে বন্দি। আমি মানবিক দৃষ্টিকোণ থেকে আমার স্বামীর মুক্তি চাই।’ নিলুফা খানম বলেন, ১৭ বছর ধরে ডায়াবেটিস, হৃদরোগ, চর্মরোগ, পাইলসসহ বেশকিছু জটিল রোগে আক্রান্ত তার স্বামী। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় দৃষ্টিশক্তি কমে আসছে। কারাগারে যাওয়ার পর তার দুই কেজি ওজন কমে গেছে।

প্রধানমন্ত্রীর কাছে করা আবেদনে নিলুফা খানম বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস উচ্চ ঝুঁকিসম্পনড়ব রোগীদের মৃত্যুর কারণ বিধায় আমার স্বামীর জীবন নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় আমার পক্ষে সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। তিনি জানান, চিঠির অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে পাঠানো হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি দলের কারাবন্দি নেতাদের মুক্তি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি ও তাদের নামের তালিকা পাঠিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত