নারায়ণগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১২:৩৬ পিএম

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রবিবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার পূর্ব ইসদাইর এলাকার রহিমা বেগম (৫০) এবং এদিন সকালে শহরের দেওভোগ এলাকার মনির হোসেন (৬৫)  মারা যান।

দুইজনই রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ১০৭ জন।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, ১২ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মনির হোসেন (৬৫) ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি গত ৯ এপ্রিল অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানকার ডাক্তাররা তাকে পরে কুয়েত মৈত্রীতে পাঠান। সেখানে নমুনা সংগ্রহের পর তার রিপোর্ট পজিটিভ আসে।

রবিবার দুপুরে পরিবার জানতে পারেন তিনি মারা গেছেন।

ওসি জানান, পরিবারের সকলে যেহেতু মনির হোসেনের সেবা করেছে তাই তাদের টেস্টের ব্যবস্থা করছি। মৃতদেহ ইতোমধ্যে রাজধানীর খিলগাঁয়ে দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে রাতে মারা যান পূর্ব ইসদাইর এলাকার রহিমা বেগম (৫০)। তিনি একই এলাকার সুলতান মিয়ার স্ত্রী। রহিমার বড় ছেলে রিপন দেশ রূপান্তরকে জানান, শনিবার তার মায়ের প্রেসার ও ডায়াবেটিস সমস্যা বেড়ে যায়। পরে রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে করোনা উপসর্গ থাকায় ভর্তি করা হয় কুয়েত মৈত্রী হাসপাতালে। সেখানে রাতে মারা যান তিনি। পরে নমুনা সংগ্রহের পর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

রিপন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা নিজেরাই লাশ দাফন করবে। সোমবার সকালে এসে তাদের বাড়ির সকলের নমুনা সংগ্রহ করবে। এ বাড়িতে রহিমা বেগমের তিন ছেলে, স্বামীসহ ১১ সদস্য রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন আরও জানান, পরিবারের সদস্যদের দূরত্ব বজায় রেখে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সোমবার নমুনা সংগ্রহ করা হবে পরিবারের অন্য সদস্যদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত