দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে কর্মহীনদের সরকারি খাদ্য সহায়তা প্রকল্পের ত্রাণ বিতরণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে মানিকগঞ্জের সিঙ্গাইরে চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু বকর সিদ্দিক ওরফে বরকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে হবিগঞ্জে চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খানকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে
মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আটক : মানিকগঞ্জের সিঙ্গাইরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে এক ডিলারকে আটক করেছে পুলিশ। আবু বকর সিদ্দিক ওরফে বরকত নামে ওই ডিলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতিও। গত রবিবার রাতে উপজেলার ধল্লা এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
সিঙ্গাইর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাদ্যবান্ধব কর্মসূচির অধীন কার্ডধারী ভোক্তাদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়। গোপন সংবাদে জানতে পারি, ধল্লা ইউনিয়নে এই কর্মসূচিতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। রবিবার সন্ধ্যায় সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার নেতৃত্বে ওই ডিলারের গুদামে অভিযান চালানো হয়। এ সময় তার হিসাব অনুযায়ী গোডাউনে ৩০ কেজির ৮৯ বস্তা চাল পাওয়া যায়নি। একই সঙ্গে পাশের একটি রুমে তালাবদ্ধ অবস্থায় গত মাসের ৫০ কেজির ৪৪ বস্তা চাল মজুদ পাওয়া গেছে, যা তিনি কার্ডধারীদের মাঝে বিতরণ না করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই মজুদ করেছিল। চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে ডিলার আবু বকর সিদ্দিক ওরফে বরকতকে সিঙ্গাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
ওজনে কম দেওয়ায় হবিগঞ্জে আওয়ামী লীগ নেতার জেল : খোলাবাজারে ১০ টাকা কেজির চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অভিযোগে এক ডিলারকে এক মাসের কারাদ- দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা ইউনিয়নের চমকপুর বাজারে। দন্ডপ্রাপ্ত নজরুল ইসলাম খান ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। বানিয়াচঙ্গ উপজেলা সহকারী কমিশনার মতিউর রহমান খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান কাগাপাশা ইউপির ৪টি (১ থেকে ৪) ওয়ার্ডের ডিলার নিযুক্ত হন। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত ৫০৩ জনের কাছে ১০ টাকা দরে ৩০ কেজি চাল বিক্রি করার কথা। কিন্তু নজরুল ইসলাম প্রত্যেককেই ওজনে চাল কম দিচ্ছিলেন। এ অভিযোগ পৌঁছে উপজেলা প্রশাসনের কাছে। পরে গতকাল সোমবার বিকেল ৩টায় সহকারী কমিশনার মতিউর রহমান খান ও উপজেলা খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন সেখানে পৌঁছে ৪৩ জন ক্রেতার চালের ব্যাগ ওজন করে দেখেন ৩০ কেজির স্থলে ৩ থেকে ৮ কেজি চাল কম দেওয়া হয়েছে। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিলার নজরুল ইসলাম খানকে এক মাসের কারাদ-ের আদেশ দেন। একই সঙ্গে তার ডিলারশিপ বাতিল করার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন।
সিরাজগঞ্জে ১৭ বস্তা চালসহ ১ জন আটক : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার ঘুড়কা গ্রামের আবুল হোসেনকে এলাকাবাসী গত রবিবার রাতে ১০ টাকা কেজি দরের ১৭ বস্তা চালসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক আবুল হোসেন ওই গ্রামের চান্দুল্লাহ মিয়ার ছেলে।
সলঙ্গা থানার ওসি তাজুল হুদা বলেন, ‘রবিবার রাতে এলাকাবাসী ঘুড়কা গ্রামের আবুল হোসেনের ঘর থেকে ১৭ বস্তা (৩০ কেজি ওজনের) ১০ টাকা কেজি দরের চালসহ তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালের বস্তা উদ্ধার ও আবুল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আবুল হোসেন ও তার সহযোগী ওই এলাকার ফয়েজ উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’
ওজনে কম দেওয়ায় আওয়ামী লীগ নেতার জরিমানা : টাঙ্গাইলের মির্জাপুরে হতদরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অপরাধে উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম বাচ্চুকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে তার লাইন্সেসও বাতিল করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যাবেগম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
নীলফামারীতে অতিরিক্ত দাম নেওয়ায় পরিবেশককে জরিমানা : নীলফামারীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অতিরিক্ত টাকা আদায় করায় এক পরিবেশককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।
দন্ডাদেশপ্রাপ্ত হাবিবুর রহমান নীলফামারী জেলা খাদ্য বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক। তিনি দুহুলী গ্রামের আতাউর রহমানের ছেলে।
নড়াইলে চাল চুরির অপরাধে আ.লীগ নেতা গ্রেপ্তার : হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল চুরির অপরাধে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার ডিলার ও শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোল্যাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আসাদুজ্জামানের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
বিরামপুরে ইউপি সদস্যসহ তিনজনের নামে মামলা : দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে ট্যাগ কর্মকর্তার অনুপস্থিতিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকালে ২৭০ কেজি চাল চুরির ঘটনায় সুলতান মাহমুদ (৫০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ডিলারশিপ বাতিলসহ ইউপি ও চালের ডিলারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে খাদ্য বিভাগ।
