গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মিঠু মন্ডল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
নিহত মিঠু মন্ডল ওই গ্রামের বাকী মন্ডলের ছেলে।
পলাশবাড়ী থানার পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাকী মন্ডল একটি জমি ভোগদখল করে আসছিলেন। এই জমি নিয়ে তার সাথে একই গ্রামের আরিফুল ইসলাম, হারুন মিয়া ও জালিম মিয়াদের বিরোধ চলছে।
এ নিয়ে মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে।
এ সময় আরিফুল ইসলামের পক্ষের লোকজনের ধারালো অস্ত্র হাঁসুয়ার কোপে গুরুতর আহত হন মিঠু মন্ডল।
পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান মিঠু। এ ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের আরও সাতজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, মিঠু মন্ডলের লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হবে। তিনজনকে আটক করা হয়েছে।
