১০ টাকার চাল বিতরণে অনিয়ম: ইউপি সদস্যের জেল

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০৯:০৮ পিএম

ঝালকাঠিতে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম এবং কার্ড এর পরিবর্তে স্লিপের মাধ্যমে চাল বিতরণ করায় রেজাউল করিম সোহাগ নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর দেড়টার দিকে জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল করিম সোহাগ খানকে এ দণ্ডাদেশ প্রদান করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে ১০ টাকা দরের কেজি চাল কার্ডের মাধ্যমে প্রদানের কথা থাকলেও ইউপি সদস্য রেজাউল করিম সোহাগ সরকারি আইন অমান্য করে স্লিপের মাধ্যমে চাল বিতরণ করছিল। এ ছাড়া তিনি একজনের কার্ড ঘুরিয়ে ফিরিয়ে অন্যজনকে দিয়ে বিভিন্ন সময় চাল কিনতে সহযোগিতা করেন এবং অনেক দরিদ্র মানুষকে কার্ড না দিয়ে নিজের কাছে জমা রাখতেন। পরে পছন্দের লোকজনকে এসব কার্ড দিয়ে চাল নেয়ায় সহায়তা করতেন।

এসব অভিযোগ ভিত্তিতে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সুবিদপুর ইউনিয়ন পরিষদের গিয়ে অনিয়মের প্রমাণ পায়। এ সময় ইউপি সদস্য সোহাগ খানকে আটক করে এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত । 

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার বলেন, আমরা এক মাস আগেই প্রত্যেক ইউনিয়ন পরিষদে চিঠি দিয়ে সতর্ক করেছি, যেন যার কার্ড তাকেই চাল দেওয়া হয়। তারপরও সরকারি আদেশ অমান্য করে নিজের ইচ্ছা মতো চাল বিতরণ করায় ইউপি সদস্য সোহাগকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ দিকে ১০ টাকা কেজি দরের তিন বস্তা চাল বাড়িতে মজুত রাখা ও ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্য মিথ্যা তথ্য প্রদান করায় রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার বাবুল হাওলাদারের স্ত্রী মর্জিনা বেগমকে (৩৮) ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার।

বুধবার দুপুরে এ জরিমানা করা হয়।

অন্যদিকে গত ৫ এপ্রিল রাতে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ইউপি সদস্য মনিরুজ্জামানের বাড়ি থেকে আড়াই টন সরকারি চাল উদ্ধারের ঘটনায় মঙ্গলবার রাতে ঝালকাঠি সদর থানায় এজাহার দায়ের করেছেন সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোজাম্মেল হক।

থানা থেকে এজাহার বুধবার সকালে বরিশাল দুদকে প্রেরণ করা হয়েছে।

এজাহার দায়েরের পর থেকে ইউপি সদস্য মনির পলাতক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত