নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১০:৩৫ পিএম

করোনাভাইরাস  (কোভিড-১৯)  সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধকল্পে নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসক ও করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক সভা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবিলা কমিটির সভায় সিদ্ধান্তের আলোকে নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। যা বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

তিনি আরও বলেন, বুধবার থেকে এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌ-পথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। জেলা ও উপজেলার যেকোনো সীমানা দিয়ে যানবাহনের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।  এসব আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত