করোনা রোগী আখ্যা দিয়ে ব্যবসায়ীর বাড়ি লুট

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১০:৫০ পিএম

সাভারের পৌর এলাকার বাড্ডা ছায়াবীথি মহল্লায় করোনা রোগী আখ্যা দিয়ে আব্দুর রহমান নামে এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এই লুটপাটের ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ৮০ হাজার টাকা লুটসহ আসবাব ভাঙচুর করে।

ভুক্তভোগী আব্দুর রহমান (৩৬) সাভারের পৌর এলাকা বাড্ডা ছায়াবীথি মহল্লার মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেনের ছেলে।

এ ছাড়া ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির সময় স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

আব্দুর রহমান অভিযোগ করেন, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা নাগাদ স্বেচ্ছাসেবক পরিচয়ে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তাদের সবার মুখে মুখোশ, হাতে একটি হ্যান্ডমাইক ও লাঠিসোঁটা ছিল। পরে দুর্বৃত্তরা ভুক্তভোগীকে একজন করোনা রোগী আখ্যা দিয়ে তার কাছে নগদ ২ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা তাকে মারধর শুরু করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তার ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা নিয়ে দ্রুত একটি নীল রঙের ছোট পিকআপ যোগে পালিয়ে যায়।

ভুক্তভোগী বলেন, এত দ্রুতই সব ঘটনা ঘটে গেল যে কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা লুটপাট করে পালিয়ে যায়। কেন না করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবক দল বেঁধে হাতে লাঠিসোঁটা নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু দিন-দুপুরে স্বেচ্ছাসেবক সেজে এভাবে বাড়িতে এসে কেউ লুটপাট করতে পারে তা ভাবতেও পারিনি।

জিহাদ নামে এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, এত দ্রুতই ঘটনা ঘটে গেল যে কী করা উচিত বুঝতে পারিনি। তা ছাড়া দুর্বৃত্তরা ১৫-২০ জন ছিল। হঠাৎই তারা আব্দুর রহমানের বাসায় ঢুকে করোনা করোনা বলে মারধর শুরু করল, আর কিছুক্ষণের মধ্যেই টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেল।

অপরদিকে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রহমানের ছোট ভাই আশা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নুর মোহাম্মদ দাবি করেন, দুর্বৃত্তদের একজনকে তিনি চিনতে পেরেছেন। অভিযুক্ত একজন ওই এলাকার বাসিন্দা বলেই দাবি করেন তিনি। তার নাম-পরিচয় তিনি জানাতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার একটি ছবি সংগ্রহ করতে পেরেছেন বলে দাবি করেন তিনি। সন্দেহভাজন ওই এক যুবকের ছবিটি ইতিমধ্যে প্রতিবেদকের হাতে এসেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এমন ঘটনার বিষয়ে আমার জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত