লকডাউনের প্রভাবে খাবার নেই জলিশা আবাসন প্রকল্পের কর্মহীন অর্ধশতাধিক ছিনড়বমূল পরিবারে। আবাসন প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ, করোনা প্রভাবের শুরুতে জেলা পরিষদ থেকে তাদের ঘরপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও উপজেলা পরিষদ থেকে ১ কেজি চাল, আধা কেজি আলু, ১ পোয়া ডাল দেওয়া হয়েছে; যা ৫ দিনের মাথায় শেষ হয়ে গেছে। এ ছাড়া তারা কোনো ত্রাণ সহায়তা পাননি।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের দাবি, সরকার থেকে যে ত্রাণ দিচ্ছে তা অপ্রতুল। ফলে সবাইকে একসঙ্গে দেওয়া যাচ্ছে না। দিনমজুর দেলোয়ার বলেন, ১২ দিন হলো আমাদের কেউ খোঁজ নেয়নি। সরকার থেকে কিছুই পাইনি। দুদিন ধরে ঘরেও খাবার নেই। চেয়ারম্যান-মেম্বার সবাইকে বলেও ত্রাণ পাচ্ছি না। তবে করোনার শুরুতে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ থেকে সামান্য কিছু পেয়েছি, যা ৫ দিনে শেষ হয়েছে।
দিনমজুর ফোরকান আলী বলেন, সরকার বলছে ঘরে থাকলেই খাবার পাঠানো হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত কিছুই পাইনি। গৃহিণী জুহেরা বিবি বলেন, সাহায্য তো দূরের কথা এখন পর্যন্ত এলাকার চেয়ারম্যান মেম্বারদের কেউ আমাদের খোঁজখবরও নেয়নি।
ইউপি সদস্য মো. কামাল ফরাজী বলেন, আবাসনের বাসিন্দারা অসহায় ঠিকই কিন্তু পরিষদ থেকে প্রতি ওয়ার্ডে ত্রাণ সাহায্যের নাম দেওয়া যায় মাত্র ১০-১২টি।
