লক্ষ্মীপুর সদর উপজেলায় সরকারি ত্রাণের চাল বিতরণ নিয়ে ফেইসবুকে গুজব রটানোর অভিযোগে মো. ইউছুফ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
মামলায় অভিযুক্ত মো. ইউছুফ সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের মো. মোস্তফার ছেলে।
মামলার বাদী ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম জানান, গত ১২ এপ্রিল রাত ১১টা ২৩ মিনিটে মামলার আসামি মো. ইউছুফ তার ব্যবহৃত ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে একটি পোস্ট করে; যেখানে সরকারি ত্রাণ নিয়ে গুজব রটানো হয় এবং অসহায়দের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে না বলে মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তোলা হয়। এটা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়ার শামিল।
চন্দ্রগঞ্জ থানার ওসি জসীম উদ্দীন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
