বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার যে ত্রাণ দিচ্ছে তা লুটেপুটে খাচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে, তাতে বাধা দেওয়ারপাশাপাশি নেতাকর্মীদের গ্রেপ্তার করে সাজা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, রাজশাহীর তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল মালেক তার নিজের উদ্যোগে অসহায় ও নিরনড়ব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করার সময় গত মঙ্গলবার বিকেলে তানোর পৌর এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে। তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, করোনাভাইরাসের দুর্যোগকালে এখন দুর্ভিক্ষের ছায়া বিরাজমান। এ পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। অথচ ত্রাণে বাধা দেওয়ার ঘটনা বিদ্যমান দুঃশাসনেরই প্রতিফলন। প্রতিনিয়ত সারা দেশে সরকারদলীয় লোকজনদের দ্বারা ত্রাণসামগ্রী চুরির ঘটনা ঘটছে এবং তা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভ্রুক্ষেপহীন থাকছে। এ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পুলিশি ক্ষমতার যথেচ্ছ প্রয়োগ থেমে নেই।
বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীন দলের অপকর্মের কারণেই এ মহাদুর্যোগের সময় দেশে আরও অনিশ্চয়তার অন্ধকার নেমে এসেছে। এ করোনা মহামারীর মধ্যেও দলমত নির্বিশেষে সমন্বিত উদ্যোগ দূরে থাক বরং সরকার এক অশুভ অভিপ্রায় নিয়ে এগিয়ে যাচ্ছে।
