মুন্সীগঞ্জ সদর উপজেলায় নিজ বাড়ির সামনে খোকন তালুকদার (২৫) নামে যুবকের মৃতদেহ পাওয়া গেছে।
বুধবার দিবাগত মধ্যরাত সাড়ে ১২টার দিকে সদরের মধ্য কেওয়ার গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আহমদ তালুকদারের ছেলে।
সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, মধ্যরাতে নিজ বাড়ির সামনে যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রথমে তার পরিবারের লোকজনই যুবককে পড়ে থাকতে দেখেন। এ অবস্থায় স্বজনরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি আরও জানান, তাৎক্ষণিকভাবে যুবকের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই যুবক নেশা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের সদস্যদের চাওয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।
