সিরাজগঞ্জে ১০ টাকা দরের চালসহ ইউপি সদস্য আটক

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৮:২৩ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আল-আমিন হোসেনকে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ১০ টাকা কেজি দরের ১৫ বস্তা চালসহ আটক করেছে। ইউপি সদস্যর গাড়াদহ গ্রামের বাড়ি থেকে উদ্ধার করা হয় চাল।

এলাকাবাসিরা জানান, বাগবাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য আল-আমিন হোসেন সকালে এ চালগুলো কালোবাজারে বিক্রির জন্য ইউপি সদস্য আল-আমিনের বাড়িতে লুকিয়ে রাখে। বিষয়টি এলাকাবাসি টের পেয়ে তা আটক করে পুলিশে খরব দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই চালসহ ইউপি সদস্য আলামিনকে আটক করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসির অভিযোগ, দীর্ঘ দিন ধরে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের যোগসাজসে ১০টাকা কেজি দরের চাল আলামিনের বাড়িতে রেখে কালোবাজারে বিক্রি করে আসছিল। এলাকাবাসি এর প্রতিবাদ করায় তারা তাদের নানা ভাবে হুমকি দেয়। এ দিন তারা হাতেনাতে চাল ধরে পুলিশে সোপর্দ করে।

এ দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে এলাকাবাসি চাল চোর চেয়ারম্যান ও মেম্বারের নানা অনিয়ম ও দুর্ণীতির বিরুদ্ধে স্লোগান দেয় ও বিক্ষোভ প্রদর্শণ করে শাস্তির দাবি করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই চালসহ ইউপি সদস্য আল-আমিনকে আটক করে।

এ বিষয়ে বাগবাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এই চাল ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হয়েছে। তবে চাল চুরির ঘটনার সাথে আমি জড়িত নই।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার সরকার বলেন, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চালসহ ইউপি সদস্য আল-আমিনকে আটক করেছে পুলিশ। এ ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত