বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও পরিষদের সদস্যদের সম্মানীর টাকা আত্মসাৎসহ ৮ অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন কাননের অপসারণ দাবিতে একযোগে অনাস্থা এনেছেন ওই পরিষদের ১০ ইউপি সদস্য।
গতকাল বৃহস্পতিবার সকালে এ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের এক নারী সদস্যসহ অপর ৯ ওয়ার্ডের ৯ ইউপি সদস্য এক সভায় মিলিত হয়ে এ অনাস্থা আনেন। অনাস্থার এই সিদ্ধান্তের বিষয়টি লিখিতভাবে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা জমা দিয়েছেন।
অনাস্থার কারণ হিসেবে মোট ৮টি অভিযোগ সুনির্দিষ্টভাবে তারা উল্লেখ করেছেন। অনাস্থায় স্বাক্ষরকারী ৯টি ওয়ার্ডের পুরুষ ইউপি সদস্যরা হচ্ছেন নওশের আলী শেখ, নবুয়ত আলী, মোফাজ্জেল হোসেন, বিল্লাল হোসেন মোল্যা, জামাল বিশ্বাস, ইলিয়াচ কাঞ্চন, হামজা, আবু সাইদ ও সংরক্ষিত মহিলা সদস্য মমতা সমাদ্দার।
এ বিষয়ে দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, কেউ কেউ আগামী নির্বাচনে এই ইউনিয়নের চেয়ারম্যান হতে চান। সে কারণে এসব ষড়যন্ত্র করছেন।
