মির্জাপুর পৌরসভার ‘গলার কাঁটা’ বংশাই রোড

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১১:৫১ পিএম

মির্জাপুর পৌর এলাকার অন্যতম জনগুরুত্বপূর্ণ সড়ক বংশাই রোড। এই রোডের মাত্র একশ গজ রাস্তা এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী হাজারো মানুষের। 

রাস্তাটির বেহাল দশার কারনে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছে কয়েক হাজার মানুষ। কর্তৃপক্ষের উদাসীনতায় সাধারণ মানুষের মধ্যে এখন প্রশ্ন, এই দুর্ভোগের শেষ কবে?

মির্জাপুর পৌর এলাকার অন্যতম জনগুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে বংশাই রোড। এই রোড দিয়ে উপজেলার উত্তরাঞ্চলের তরফপুর, লতিফপুর ইউনিয়নের আংশিক এবং পৌর এলাকার আংশিক মিলিয়ে স্কুল কলেজের শিক্ষাথীসহ কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাচল করে থাকে। বংশাই নদীর উপর সেতু নির্মিত হওয়ার পর এই সড়ক দিয়ে মানুষের চলাচলের পাশাপাশি যানবাহন চলাচলও বৃদ্ধি পেয়েছে। কিন্তু মির্জাপুর বাইপাস বাস স্টেশন ও রেল ক্রসিং এর মধ্যবর্তি মাত্র একশ গজ রাস্তা জনযানের অবাধ চলাচল ম্লান করে দিয়েছে।

ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক নির্মাণ এবং পরবর্তীতে তা চার লেনে উন্নীত হওয়ার পর ওই রাস্তা টুকু নীচু হয়ে যায়। রাস্তা পাকা করন হলেও মাটি ভর্তি ভারী যানবাহন চলার কারনে তা অল্পদিনেই নষ্ট হয়ে প্রায় পূর্বের অবস্থায় চলে আসে। শুরু হয় মানুষের দুর্ভোগ। 

মির্জাপুর সেনেটারি মিস্ত্রী সমিতির সভাপতি গোড়াইল গ্রামের চান মিয়া বলেন, আমরা তিন চার বছর যাবত বৃষ্টির মৌসুমে অল্প একটু রাস্তা দিয়ে ভালভাবে যেতে পারছিনা।

মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে বলেন, ওই রাস্তাটি সংস্কারের জন্য প্রস্তাবিত প্রকল্প জমা দেয়া আছে। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুততম সময়ে কাজ টি করা হবে বলে তিনি বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত