করোনাভাইরাস পরিস্থিতিতে গার্মেন্টস কারখানায় শ্রমিক ছাঁটাই ও লে-অফ ঘোষণাকে (বিশেষ ব্যবস্থায় বন্ধ) বেআইনি বলে উল্লেখ করে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন জানিয়েছে, বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই চলছে।
শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক তপন সাহা যৌথভাবে এই বিবৃতি দেন।
বিবৃতিতে তারা বলেন, বর্তমান করোনা ভাইরাস সংকটের মধ্যেও বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই চলছে। করোনা ভাইরাসের কারণে সরকার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে ও গার্মেন্টস শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে। তা সত্ত্বেও এ সংকটে শিল্প মালিকরা বেআইনি ভাবে শ্রমিক ছাঁটাই, লে-অফ করছে।
তারা আরও বলেন, ইতিমধ্যে গার্মেন্টস মালিকরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে সব গার্মেন্টস লে-অফ ঘোষণার অনুমতি চেয়ে আবেদন করেছেন যা সম্পূর্ণ বেআইনি। এ সংকটময় মুহূর্তে শ্রমিক ছাঁটাই, লে-অফ ও কোনো কারখানা বন্ধ না করার আহ্বান জানান ফেডারেশনের নেতারা।
একই সঙ্গে তারা এ সময়ে সরকারের ঘোষিত সাধারণ ছুটি মেনে সব কারখানায় শ্রমিক-কর্মচারীদের সবেতনে ছুটি দেওয়ার আহ্বান জানান।
