রূপান্তর ডেস্ক করোনা বিস্তারের মাঝেই পর্যায়ক্রমে রাজ্যগুলো খুলে দেওয়ার পরিকল্পনা প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক ক্ষতি পোষাতে আগামী মাস থেকে এটি বাস্তবায়ন করা হবে। বিবিসি বলছে, কীভাবে লকডাউন প্রত্যাহার করা হবে, সে বিষয়ে তিন ধাপের একটি গাইডলাইন রাজ্যগুলোর গভর্নরের কাছে পাঠানো হয়েছে।
ফেডারেল সরকারের সহযোগিতায় ওই গাইডলাইন বাস্তবায়ন করবে রাজ্য সরকার। গত বৃহস্পতিবার ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমেরিকা খুলতে চায় এবং আমেরিকানরাও খুলতে চান। জাতীয় পর্যায়ে শাটডাউন দীর্ঘমেয়াদি টেকসই সমাধান নয়।’ তবে তার এ পরিকল্পনাকে ডেমোক্র্যাটরা অস্পষ্ট ও বেমানান উল্লেখ করেছেন। ১৮ পৃষ্ঠার গাইডলাইনে প্রতি ধাপের জন্য ১৪ দিন করে সময় নেওয়া হয়েছে। ধাপগুলোর মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, কর্মীবান্ধব উন্নত নীতিমালা, সামাজিক দূরত্ব নিশ্চিত, পরীক্ষা ও কন্টাক্ট ট্রেসিং সুবিধা থাকছে। প্রথম ধাপে চলমান বিধিনিষেধ বহাল রাখলেও ‘শারীরিক দূরত্বের নির্দেশনা মেনে’ রেস্তোরাঁ, প্রার্থনালয় ও স্টেডিয়াম পরিচালনার সুযোগ দেওয়া হবে। আক্রান্ত না বাড়লে পরের ধাপে অপ্রয়োজনীয় ভ্রমণ নিষেধাজ্ঞা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও ‘স্থান অনুপাতে নির্দিষ্টসংখ্যক লোক ঢোকার শর্তে’ বার খুলে দেওয়া হবে।
