বাইরে ঘোরাঘুরি করায় বসে থাকা শাস্তি

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৩:৩৫ এএম

বরগুনা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করায় দুই শতাধিক ব্যক্তিকে রাস্তায় বসিয়ে রেখে ব্যতিক্রমী শাস্তি দিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের ঘর থেকে বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার অনুরোধ করা হয়।

গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহজাহান হোসেন বলেন, ইতিমধ্যে পুরো বাংলাদেশকে করোনাভাইরাসের সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই সাধারণ মানুষকে অহেতুক চলাফেরা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কিন্তু মানুষ তাতে কর্ণপাত করছে না। জনসমাগম এড়িয়ে চলার জন্য মাছ ও কাঁচাবাজার বরগুনা জিলা স্কুলের মাঠে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া শুক্রবার শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

তিনি বলেন, কিছু ব্যক্তি সব ধরনের নির্দেশনা উপেক্ষা করে বাজারে এসে অহেতুক ঘোরাঘুরি করছিলেন। তাই তাদের প্রথমে আটক করা হয়। পরে বাজারে আসার যথাযথ কারণ জানাতে না পারায় তাদের দুই ঘণ্টা সদর রোডে বসিয়ে রাখা হয়। ভবিষ্যতে খুব জরুরি প্রয়োজন না হলে বাসার বাইরে আসবেন না মর্মে অঙ্গীকার করলে তাদের ছেড়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত