নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরপাড়ে ধান ব্যবসায়ী রুহুল আমিনের আড়তে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে ও আড়তের টাকা রাখার ট্রাঙ্ক ভেঙে সাড়ে চার লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পথে ফের হামলা চালায় সন্ত্রাসীরা। এতে রাজিব নামে আরেকজন জখম হয়। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, তেতুলিয়া গ্রামের ফজলে করিমের ছেলে রুহুল আমিনের ধানের আড়ত মেসার্স রুহুল আমিন এন্টারপ্রাইজে একই গ্রামের আব্দুল হেকিমের ছেলে সন্ত্রাসী আমিরুল ইসলাম তার দলবল নিয়ে হামলা চালায়। এ সময় লুটপাট করার পাশপাশি রুহুল আমিনকে কুপিয়ে জখম করে তারা।
ধান ব্যবসায়ী রুহুল আমিন জানান, দুই দফা হামলার পর ভয়ে ব্যবসা বন্ধ রয়েছে। ফলে হাওরের ধান সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে ২২ শ্রমিক বেকার হয়েছে। এ ঘটনায় হাওরপাড়ের অন্য ধান ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মোহনগঞ্জ থানার এসআই রিশাদ জানান, এ ঘটনায় মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে।
