ডামুড্যায় গৃহবধূ ক‌রোনায় আক্রান্ত, ৩০ প‌রিবার কোয়ারেন্টাইনে

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১১:৩৬ এএম

শরীয়তপু‌রের ডামুড্যা উপ‌জেলায় ৩০ বছ‌রের এক গৃহবধূর ক‌রোনাভাইরা‌স শনাক্ত হয়েছে। এ ঘটনায় ওই ব্য‌ক্তির প‌রিবারসহ ৩০টি প‌রিবার এবং ৪০টি ঘরকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার দিবাগত রাত সা‌ড়ে ১১টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ।

তি‌নি বলেন, ডামুড্যায় উপজেলার আরও একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ব্যক্তি কয়েক দিন আগে ঢাকা থেকে এসেছেন।

এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছয়জন। আর নড়িয়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯০ বছরের এক বৃদ্ধের ঢাকায় মৃত্যু হয়।

ওই গৃহবধূ ডামুড্যা পৌরসভার বা‌সিন্দা।

এ বিষ‌য়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মূঈদ মুঠোফোনে জানান, ওই গৃহবধূ প্রায় দুই সপ্তাহ আগে ঢাকা যান তার স্বামীকে চি‌কিৎসা করা‌তে। গত ৮ এপ্রিল ঢাকা থে‌কে ডামুড্যা এলাকায় আসেন তি‌নি। তা‌র প‌রিবার‌কে হোম কোয়া‌রেন্টাই‌নে রাখা হ‌য়ে‌ছিল।

করোনার উপসর্গ দেখা দি‌লে গত ১৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ১৭ এপ্রিল রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তাই ওই ব্য‌ক্তির প‌রিবারসহ আশপা‌শের ৩০টি প‌রিবার এবং ৪০টি ঘরকে হোম কোয়ারেন্টাইন করা হ‌য়ে‌ছে এবং আক্রান্ত ব্যক্তির পরিবারকে সম্পূর্ণ আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত