নেত্রকোনায় বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০১:০৮ পিএম

নেত্রকোনার মদন উপজেলায় গোবিন্দশ্রী বিজ্জয়াইল হাওরে শনিবার সকালে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন- কৃষক ইয়াহিয়া (২৫) ও রায়হান (৯)। এ সময় আরও ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহত ইয়াসিন উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া গ্রামের রাজালীকান্দা পশ্চিম পাড়ার মন্জুল হকের ছেলে ও রায়হান একই গ্রামের সেলিম মিয়ার ছেলে। আহত টিপন (২৭), ইসলাম (২২) ও দূর্জয়কে (৯) মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, চলমান করোনা প্রাদুর্ভাবে বোরো ফসল কাটতে শ্রমিক সংকট থাকায় শনিবার সকালে গোবিন্দশ্রী গ্রামের সামনের বিজ্জয়াইল হাওরে ধান কাটতে যায় ইয়াহিয়াসহ অন্যরা।

সকালের খাবারের সময় হলে বাবা সেলিমের জন্য ভাত নিয়ে হাওরে যায় শিশু রায়হান।

তখন বজ্রপাতে ইয়াহিয়া, টিপন, ইসলাম, দূর্জয় আহত হলে লোকজন তাদের উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইমি আক্তার ইয়াহিয়াকে মৃত ঘোষণা করেন। শিশু রায়হান ঘটনাস্থলে মারা যায় বলে নিশ্চিত করেছেন তার বাবা সেলিম মিয়া।

মদন থানার ওসি মো. রমিজুল হক বলেন, শনিবার সকালে গোবিন্দশ্রী হাওরে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে শুনেছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত