করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে দেশটির কাশ্মীরে পুলিশ ও সিআরপিএফের যৌথ টহল থাকা অবস্থায় হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় তিন সিআরপিএফ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
দক্ষিণ কাশ্মীরের সোপোরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন সিআরপিএফের তিন জওয়ান। বারামুল্লা জেলায় কাশ্মীর রাজ্য পুলিশ ও সিআরপিএফ এ সময় যৌথ টহলদারিতে ছিল। হামলাকারী সন্ত্রাসীদের খুঁজতে জেলাটি জুড়ে তল্লাশি অভিযান চালু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত দুই সপ্তাহের মধ্যে দুবার জঙ্গি হামলার ঘটনা ঘটে। চলতি মাসের প্রথমে কয়েকজন জঙ্গি উপত্যকায় হামলা চালানোর পরিকল্পনা করছে এমন খবর পেয়ে বিশেষ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। তারপরই হার্ডমান্ডগুড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ের সময় গুলিবিদ্ধ হয় ২ সন্ত্রাসী। তবে দেশটির গোয়েন্দা সূত্রে জানা যায়, ওই এলাকায় আরও কয়েকজন সন্ত্রাসী গা ঢাকা দিয়ে ছিল। এই খবরে এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালিয়েছিলেন জওয়ানরা।
