আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হক (৮৫) গত শুক্রবার রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিনড়ব রোগে আক্রান্ত জাহানারা হক গত ২৭ অক্টোবর থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শনিবার বাদ জোহর বনানীর ১১ নম্বর রোডসংলগ্ন পানি বোর্ড জামে মসজিদে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গার্ড অব অনার প্রদানের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বনানী কবরস্থানে এদিকে মুক্তিযোদ্ধা জাহানারা হকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল আলাদা শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাংসদ আনিসুল হকের পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট সিরাজুল হক ২০০২ সালের ২৮ অক্টোবর মারা যান। সিরাজুল হক বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি ছিলেন। গত তিন বছরের ব্যবধানে আইনমন্ত্রী তার ভাই ও বোনের পর মাকেও হারালেন। ২০১৭ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে তার ছোট ভাই আরিফুল হক রনি মারা যান। মন্ত্রীর বড় বোন সায়মা ইসলাম ২০১৮ সালের ১৫ জুলাই ঢাকায় মারা যান। এর আগে ১৯৯১ সালের ২ জানুয়ারি বিয়ের কিছুদিন পর সড়ক দুর্ঘটনায় স্ত্রী নূর আমাতুল্লাহ্ রিনা হককে হারান আনিসুল হক। তাদের কোনো সন্তান নেই।
জানাজায় আইনমন্ত্রী আনিসুল হক ও তার আত্মীয়-স্বজন ছাড়াও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিচারপতি ড. জাকির হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের এমপি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, আইন সচিব গোলাম সারওয়ারসহ আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শোক : আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা ইন্দিরা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
এ ছাড়া শোক জানিয়েছেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন।
