মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় করোনায় মৃত ব্যক্তিদের জানাযা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন করতে ইমামদের নিয়ে ‘দাফন কমিটি’ গঠন গঠন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল মালেকের উদ্যোগে ১১ সদস্যের এ দাফন কমিটি গঠন করা হয়।
বৌলতলী ইউনিয়নের ২০ টি মসজিদের ইমামের উপস্থিতিতে ওই ইউনিয়নের নওপাড়া জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা আবু ইউসুফকে প্রধান করে এ দাফন কমিটি গঠন করা হয়। দেশ রূপান্তরকে এর সত্যতা নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন মসজিদের ঈমামদের মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে ইউনিয়নে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের জানাযা ও দাফন করার লক্ষ্যে ১১ জন ইমামের সমন্বয়ে তিনি দাফন কমিটি গঠন করেন।
এছাড়া জানাযা ও দাফনের সময় ইমামদের সুরক্ষায় উন্নত মানের পিপিই প্রদান করবেন বলে জানিয়েছেন ওই ইউপি চেয়ারম্যান।
