কৃষকের ধান কেটে দিল বাম ব্রিগেড ও ছাত্রলীগ

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০১:৪৪ এএম

বাগেরহাটে ধান কাটা মৌসুমে শ্রমিক সংকটে স্বেচ্ছাশ্রমে কৃষকের পাশে দাঁড়িয়েছে বাম ব্রিগেড। গতকাল রবিবার সকালে বাগেরহাট শহরের হাড়িখালী এলাকার কৃষকদের আবাদ করা পাকা বোরো ধান কেটে দেওয়ার মধ্যে দিয়ে তাদের এই কর্মসূচি শুরু হয়। সিপিবি, কৃষক ও ক্ষেতমজুর সমিতি, ছাত্র ও যুব ইউনিয়নের সংগঠকরা স্বেচ্ছাশ্রমে জমি মালিকদের পাকা ধান কেটে দিচ্ছেন। তারা হাড়িখালি মৌজার সব জমি মালিকদের মাঠের পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেওয়ার অঙ্গীকার করেন।

সিপিবির জেলা সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল বলেন, করোনার কারণে অন্য এলাকা থেকে এই সময়ে শ্রমিক আনা হবে ঝুঁকিপূর্ণ। তাই আমরা স্বেচ্ছাশ্রমে জমি মালিকদের মাঠে পেকে যাওয়া ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি।

অপরদিকে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় এক কৃষকের পাকা ধান কেটে দিল তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল রবিবার সকাল থেকেই তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক ছমির উদ্দিনের জমির পাকা ধান কেটে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

ছাত্রলীগ কর্মীরা জনান, উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক ছমির উদ্দিন করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় তার পাকা ধান কাটতে পারছিলেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত